থলিয়ারায় দুই পক্ষের সংঘর্ষ: ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার দ্রুত অভিযানে ৫ জন আটক।
মুক্তিযুদ্ধের চেতনা টিভি
জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া ========================
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের থলিয়ারা গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাঁচজনকে আটক করেছে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ। দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার জেরে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, থলিয়ারা গ্রামের দুটি পক্ষের মধ্যে একটি দোকানের জায়গা ও ব্যবসা পরিচালনা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। পূর্বের ঘটনাগুলোর ধারাবাহিকতায় গত রোববার (৭ জুন) সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় সংঘর্ষে জড়িত সন্দেহে পাঁচজনকে মারমুখী অবস্থায় আটক করে।
আটকরা হলেন, রফিকুল ইসলাম (৪৫), সাইদ মিয়া (৫০), আল আমিন (৪৫), ফারুকুল ইসলাম (৪৫) ও সাব্বির মিয়া (২৬)।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত আছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের তৎপরতায় বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।