টাঙ্গুয়ার হাওরে মোবাইল কোর্ট: হাউজবোটকে জরিমানা, অবৈধ মাছ ধরার সরঞ্জাম জব্দ
তাহিরপুর প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওর ইসিএ (Ecologically Critical Area) এলাকায় পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। শুক্রবার (৫ জুন) সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জের ব্যবস্থাপনায় তাহিরপুর উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে।
অভিযানে নেতৃত্ব দেন তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহরুখ আলম শান্তনু। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মোহাইমিনুল হক। এ সময় উপস্থিত ছিলেন সিএনআরএস-এর উপজেলা সমন্বয়ক সাইফুল চৌধুরী। সার্বিক সহায়তা করেন তাহিরপুর থানা পুলিশের সদস্যরা।
ভ্রাম্যমাণ আদালতে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ধারা ৫ লঙ্ঘন করে টাঙ্গুয়ার হাওরের সংরক্ষিত এলাকায় অবৈধভাবে প্রবেশ এবং পরিবেশ দূষণের দায়ে একটি হাউজবোটকে ৩ হাজার টাকা অর্থদণ্ড করা হয় এবং তা আদায় করা হয়।
এ সময় পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে টাঙ্গুয়ার হাওরে আগত পর্যটক ও হাউজবোট সংশ্লিষ্টদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
একই অভিযানে মৎস্য আইন বাস্তবায়নের অংশ হিসেবে প্রায় ১০ হাজার টাকা মূল্যের চিংড়ি নিধনে ব্যবহৃত নিষিদ্ধ ‘কিরণমালা চাই’ জব্দ করে বিধি মোতাবেক ধ্বংস করা হয়।
তাহিরপুর উপজেলার সহকারী কমিশনার( ভূমি) এক্সিকিউটিভ মাজিস্ট্রেট শাহরুখ আলম শান্তনু এর ফেইসবুক ওয়ালে এর সত্যতা নিশ্চিত করে জানান, রামসার সাইট টাঙ্গুয়ার হাওর ও এর প্রতিবেশগত সংকটাপন্ন এলাকার পরিবেশ, জীববৈচিত্র্য এবং প্রাকৃতিক সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *