ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির সফল অভিযান, জব্দ মাদক ও ভারতীয় কফি

     মুক্তিযুদ্ধের চেতনা টিভি  
 জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া ========================

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্ত এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও ভারতীয় কফি জব্দ করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)। বৃহস্পতিবার রাতে ও শুক্রবার ভোরে পরিচালিত এসব অভিযানে প্রায় ১১ লাখ টাকার চোরাচালানি পণ্য উদ্ধার করে।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে গোয়েন্দা নজরদারি জোরদারের অংশ হিসেবে সরাইল ব্যাটালিয়নের অধীন বিষ্ণপুর বিওপির একটি টহলদল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বিজয়নগর উপজেলার বিষ্ণপুর এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৯৭ বোতল ভারতীয় মদ ও ২০ কেজি গাঁজা উদ্ধার করে। উদ্ধার হওয়া মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ প্রক্রিয়া শেষে ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদরে সংরক্ষণ করা হয়েছে।
এদিকে শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় ৪২৩ কেজি ভারতীয় কফি জব্দ করে। জব্দকৃত কফির আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি। এসব পণ্য আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে তাদের আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা আগের মতোই কঠোরভাবে অব্যাহত থাকবে। সীমান্ত সুরক্ষা ও আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে বলেও জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *