জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া.
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ভোরের নীরবতা ভেঙে পুলিশের অভিযানে বেরিয়ে এসেছে এক ‘গোপন মাদক চালান’-এর চাঞ্চল্যকর তথ্য। টোলপ্লাজা এলাকায় সন্দেহজনক গতিবিধির সূত্র ধরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ এপ্রিল ) ভোর আনুমানিক ৫টা ১৫ মিনিটে আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় দুই মাদক কারবারীকে আটক করে এবং তাদের কাছ থেকে উদ্ধার করা হয় প্রায় ২০ কেজি গাঁজা।গ্রেফতারকৃতরা হলেন— হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার রামগঞ্জ (দৌলতপুর) এলাকার কাজী নজরুল ইসলাম (১৮) এবং হবিগঞ্জ সদর উপজেলার বারাপৈত এলাকার বশির মিয়া (২৯)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক বহন ও সরবরাহের সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।উদ্ধারকৃত গাঁজা বিধি অনুযায়ী জব্দ করে এবং এ ঘটনায় আশুগঞ্জ থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে। স্থানীয়দের মতে, টোলপ্লাজা এলাকায় এমন অভিযান ভবিষ্যতে মাদক চক্রের তৎপরতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।