রহস্যে ঘেরা জ্বরের ছোবল: ব্রাহ্মণবাড়িয়ায় শিশুদের মধ্যে ছড়িয়ে পড়ছে অজানা আতঙ্ক, ঝরল দুই প্রাণ

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি.

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হঠাৎ করেই শিশুদের মধ্যে এক অজানা জ্বর-গুটি রোগের প্রকোপ উদ্বেগজনক আকার ধারণ করেছে। মাত্র ১৭ দিনের ব্যবধানে অন্তত ৩৫ শিশু আক্রান্ত হয়েছে, যাদের অনেকেই ৫ থেকে ৭ মাস বয়সী। ইতোমধ্যে রহস্যময় এই উপসর্গে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে।স্বাস্থ্য সংশ্লিষ্ট সূত্র জানায়, আক্রান্ত শিশুদের মধ্যে জ্বর, সর্দি, ডায়রিয়া, শ্বাসকষ্ট ও শরীরে লাল গুটি দেখা যাচ্ছে—যা হামের লক্ষণ বলে ধারণা করা হচ্ছে। তবে এখনো অনেক পরীক্ষার ফল আসেনি, ফলে পুরো পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা কাটেনি।রোববার (১৯ এপ্রিল) পর্যন্ত নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩ শিশু ভর্তি রয়েছে। প্রতিদিনই নতুন নতুন শিশু একই উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে আসছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।নিহতদের একজন, ধরমন্ডল ইউনিয়নের শিশু হুজাইফা—যাকে গুরুতর অবস্থায় প্রথমে ব্রাহ্মণবাড়িয়া, পরে ঢাকায় নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি। অন্যদিকে, গুনিয়াউক ইউনিয়নের শিশু সজীব মিয়াও কয়েক দফা অসুস্থ হয়ে শেষ পর্যন্ত ঢাকায় নেওয়ার পথেই মারা যায়।স্থানীয়দের ভাষ্য, শুরুতে অনেকেই বিষয়টিকে সাধারণ জ্বর ভেবে অবহেলা করেছেন, এমনকি কেউ কেউ ঝাড়ফুঁকের ওপর নির্ভর করায় চিকিৎসা নিতে দেরি হয়েছে। এতে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।চিকিৎসকরা বলছেন, এটি প্রতিরোধযোগ্য রোগ হলেও সচেতনতার অভাবেই ঝুঁকি বাড়ছে। সময়মতো টিকা গ্রহণ এবং দ্রুত চিকিৎসা নেওয়ার ওপর জোর দিয়েছেন তারা।বর্তমানে পুরো এলাকায় এক ধরনের অজানা আতঙ্ক বিরাজ করছে—প্রশ্ন উঠছে, এটি কি কেবল হামের প্রাদুর্ভাব, নাকি এর আড়ালে লুকিয়ে আছে আরও বড় কোনো স্বাস্থ্যঝুঁকি?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *