
বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৬ উপলক্ষে মানিকগঞ্জে বর্ণাঢ্য র্যালি
মুক্তিযুদ্ধের চেতনা টিভি।
মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:
বীর মুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেন।
বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে মানিকগঞ্জে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল— “প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি।”
বুধবার (১০ জুন) জেলা প্রশাসনের উদ্যোগে এবং জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্যসেবা বিভাগ ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে অংশগ্রহণকারীরা তামাক ও নিকোটিনজাত পণ্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার ও ফেস্টুন বহন করেন।
এ সময় জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, তামাক ও নিকোটিনের আসক্তি শুধু একজন ব্যক্তির জন্য নয়, তার পরিবার ও সমাজের জন্যও মারাত্মক ক্ষতিকর। একটি সুস্থ, সচেতন ও তামাকমুক্ত প্রজন্ম গড়ে তুলতে হলে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন এবং জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
র্যালিতে অতিরিক্ত পুলিশ সুপার সালাহউদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফারজানা প্রিয়াংকা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ শাজাহান সিরাজ, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাসসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, তামাক ও নিকোটিনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনগণকে সচেতন করা এবং একটি তামাকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি নিয়মিতভাবে পরিচালনা করা হবে।