
তাহিরপুরে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ নারী, ৪ ঘণ্টা পর মরদেহ উদ্ধার
তাহিরপুর প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বৌলাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া সুলতানা বেগম (২৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) দুপুর ১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ধুতমা গ্রামের বাসিন্দা আবুল বাসারের স্ত্রী সুলতানা বেগম বৌলাই নদীতে গোসল করতে নেমে পানিতে তলিয়ে নিখোঁজ হন।
ঘটনার পর স্থানীয় লোকজন, স্বজনরা ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় ৪ ঘণ্টাব্যাপী চেষ্টার পর স্থানীয় প্রশাসনের সার্বিক সহযোগিতায় নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সুলতানা বেগম ধুতমা গ্রামের আবুল বাসারের স্ত্রী এবং দুই সন্তানের জননী ছিলেন। তার অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী জানান, নিখোঁজ নারী সুলতানাকে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহায়তায় উদ্ধার করা হয়েছে।তিনি আরও জানান, নিহত সুলতানা মৃগী রোগে আক্রান্ত ছিলেন। মঙ্গলবার তিনি তাঁর দুই সন্তানকে নিয়ে বৌলাই নদীতে গোসল করতে যান। নদীর তীরে সন্তানদের রেখে তিনি পানিতে নামেন। দীর্ঘ সময় ধরে মাকে পানির নিচে দেখতে না পেয়ে শিশুরা বিষয়টি তাদের দাদা-দাদীকে জানায়। পরে স্বজনরা ঘটনাস্থলে এসে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। একপর্যায়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে উদ্ধার অভিযান শুরু করা হয়। পরবর্তীতে নদী থেকে সুলতানার মরদেহ উদ্ধার করা হয়।