
মুক্তিযুদ্ধের চেতনা টিভি
জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া ========================
ব্রাহ্মণবাড়িয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নতুন করে আলোচনায় এসেছে তথ্যের গোপনীয়তা ও সম্ভাব্য তথ্য ফাঁসের বিষয়টি। সচেতন মহলের দাবি, অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো অভিযান বা বিশেষ কার্যক্রমের প্রস্তুতি নেওয়ার আগেই কিছু ক্ষেত্রে সংশ্লিষ্ট তথ্য অপরাধীদের কাছে পৌঁছে যাওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। এতে মাদক, চোরাচালান, রাজনৈতিক অপতৎপরতা ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে চ্যালেঞ্জ তৈরি হতে পারে।
স্থানীয় পর্যবেক্ষকদের মতে, ২০২৪ সালের ৫ আগস্টের পর রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত কিছু ব্যক্তি নতুন কৌশলে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছেন। অভিযোগ রয়েছে, কেউ কেউ অনলাইন নিউজ পোর্টাল, স্বল্পপরিচিত গণমাধ্যম বা বিভিন্ন পরিচয়ের আড়ালে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে যোগাযোগ বাড়ানোর চেষ্টা করছেন।
সচেতন মহলের দাবি, গণমাধ্যমের পরিচয় একটি গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল পেশাগত পরিচয় হলেও কেউ যদি সেই পরিচয় ব্যবহার করে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম, অভিযান বা অভ্যন্তরীণ তথ্য সংগ্রহ করে তা কোনো অপরাধী চক্রের কাজে ব্যবহার করে, তাহলে তা জননিরাপত্তার জন্য উদ্বেগের কারণ হতে পারে।
অভিযোগ রয়েছে, কিছু চক্র একদিকে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের সঙ্গে যোগাযোগ রেখে তথ্য সংগ্রহের চেষ্টা করছে, অন্যদিকে অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গেও তাদের সম্পৃক্ততার অভিযোগ উঠছে। এসব কারণে আইনশৃঙ্খলা বাহিনী অনেক সময় আগাম তথ্য পেতে ও কার্যকর ব্যবস্থা নিতে সমস্যার মুখে পড়ে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিশ্লেষকদের মতে, এসব চক্রের কারণে যখন কোনো নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের হঠাৎ মিছিল, কর্মসূচি বা গোপন কার্যক্রম প্রকাশ্যে চলে আসে, তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসনকে বড় ধরনের চাপের মুখে পড়তে হয়। অনেক ক্ষেত্রে ঘটনাটি ঘটার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। এর প্রভাব হিসেবে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা, স্ট্যান্ড রিলিজ, প্রত্যাহার বা সাময়িক বরখাস্তের মতো পরিস্থিতিও তৈরি হতে পারে বলে মনে করছেন অনেকে।
স্থানীয়দের মতে, কোনো কর্মসূচির তথ্য আগে থেকে সঠিকভাবে শনাক্ত করা সম্ভব হলে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা নিতে পারে। কিন্তু তথ্য ব্যবস্থাপনায় দুর্বলতা বা তথ্য বাইরে চলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়ে।
সচেতন মহলের অভিমত, প্রকৃত সাংবাদিকতা ও পরিচয়ের অপব্যবহারের মধ্যে স্পষ্ট পার্থক্য নির্ণয় করা জরুরি। যারা পেশাগত পরিচয়ের আড়ালে কোনো অপরাধী চক্রের সঙ্গে সম্পৃক্ত , তাদের যাচাই করে আইনের আওতায় আনা প্রয়োজন।
করণীয় হিসেবে সচেতন নাগরিকরা মনে করছেন, ৫ আগস্ট ২০২৪-এর পর যারা বিভিন্ন পরিচয় ব্যবহার করে প্রশাসনের কাছাকাছি অবস্থান তৈরি করেছেন, তাদের কার্যক্রম যথাযথ যাচাই-বাছাই করা দরকার। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য ব্যবস্থাপনা আরও শক্তিশালী করা গেলে অপরাধ দমন কার্যক্রম আরও কার্যকর হবে এবং সাধারণ মানুষের আস্থাও বৃদ্ধি পাবে।