
চলে গেলেন না ফেরার দেশে শিক্ষাবিদ অধ্যক্ষ আলী আহমদ
মুক্তিযুদ্ধের চেতনা টিভি।
মানিকগঞ্জ জেলা প্রতিনিধি :
বীর মুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেন।
মানিকগঞ্জের শিক্ষা অঙ্গনের অন্যতম অভিভাবক, সরকারি দেবেন্দ্র কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল ও শিক্ষাবিদ অধ্যক্ষ আলী আহমদ আর নেই।
মঙ্গলবার (৯ জুন ২০২৬) সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে বার্ধক্যজনিত কারণে মানিকগঞ্জ শহরের গঙ্গাধর পট্টিস্থ নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৯৭ বছর।
(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
অধ্যক্ষ আলী আহমদ ছিলেন মানিকগঞ্জ শহরের গঙ্গাধর পট্টির কৃতী সন্তান এবং জেলার শিক্ষা, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের একজন সুপরিচিত ব্যক্তিত্ব। তিনি সরকারি দেবেন্দ্র কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল, খান বাহাদুর আওলাদ হোসেন খান কলেজের প্রতিষ্ঠাকালীন প্রিন্সিপাল এবং মানিকগঞ্জ ইসলামীয়া কামিল মাদ্রাসার সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
দীর্ঘ কর্মজীবনে তিনি অসংখ্য শিক্ষার্থীকে সুশিক্ষা ও নৈতিকতার আলোয় আলোকিত করেছেন। শিক্ষা বিস্তার, সমাজ উন্নয়ন এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তাঁর অবদান মানিকগঞ্জবাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবে।
তাঁর মৃত্যুতে মানিকগঞ্জের শিক্ষা অঙ্গন, সামাজিক পরিমণ্ডল এবং গঙ্গাধর পট্টিবাসীসহ সর্বস্তরের মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই তাঁকে একজন অভিভাবকতুল্য ব্যক্তিত্ব হিসেবে আখ্যায়িত করেছেন।
মরহুমের জানাজা মঙ্গলবার বাদ আছর সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং শত শত সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। জানাজা শেষে তাঁকে পৌরসভাধীন মত্ত কবরস্থানে দাফন করা হয়।
শিক্ষা ও সমাজ উন্নয়নে তাঁর অবদান মানিকগঞ্জবাসী দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।