
মুক্তিযুদ্ধের চেতনা টিভি
জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া ========================
ব্রাহ্মণবাড়িয়া শহরে সংঘটিত একটি ছিনতাইয়ের ঘটনায় চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, ওয়ালেট, পরিচয়পত্র, ক্রেডিট কার্ড ও ব্যাকপ্যাক উদ্ধার করেছে।
পুলিশ জানায়, গত ২৬ এপ্রিল গভীর রাতে শহরের দাতিয়ারা এলাকায় পাবলিক লাইব্রেরির পাশে এক পথচারীর গতিরোধ করে তিন ছিনতাইকারী অস্ত্রের ভয় দেখিয়ে তার মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, নগদ টাকা, পরিচয়পত্র ও বিভিন্ন ব্যাংকের কার্ডসহ ওয়ালেট এবং একটি ব্যাকপ্যাক ছিনিয়ে নেয়।
ঘটনার প্রায় এক মাস পর ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়। এরপর পুলিশ তদন্ত ও অভিযান শুরু করে।
অভিযানের একপর্যায়ে সোমবার গভীর রাতে দাতিয়ারা এলাকার একটি ভাড়া বাসা থেকে সুমন মিয়া (৩০) নামে এক সন্দেহভাজনকে আটক করে। জিজ্ঞাসাবাদে তিনি ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন বলে জানিয়েছে পুলিশ।
পরে তার দেখানো মতে ছিনতাই হওয়া স্মার্টফোন, স্মার্ট ওয়াচ, ওয়ালেট, জাতীয় পরিচয়পত্র, ৯টি ক্রেডিট কার্ড এবং ব্যাকপ্যাক উদ্ধার করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃত সুমন মিয়ার বাড়ি সরাইল উপজেলার কালিকচ্ছ এলাকায়। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।