
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি.
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ যেন ধীরে ধীরে মাদকবিরোধী অভিযানের এক গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে। জেলার ৯টি থানার মধ্যে যেখানে অন্য কোথাও তেমন দৃশ্যমান তৎপরতা চোখে পড়ে না, সেখানে আশুগঞ্জ থানা টানা অভিযানে উঠে আসছে আলোচনার শীর্ষে।২২ এপ্রিল সকালে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান চালায় থানা পুলিশ। প্রথম অভিযানে একজনকে গ্রেফতার করে, যার কাছ থেকে উদ্ধার করা হয় ১০ কেজি গাঁজা এবং একটি পিকআপ।এর কিছুক্ষণ পর একই এলাকায় দ্বিতীয় দফা অভিযানে আরও দুইজনকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৩,১৪০ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি মোটরসাইকেল।পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য যথাযথ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে।স্থানীয়দের মতে, আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা যেন মাদক পরিবহনের একটি ‘গোপন করিডোর’ হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। তবে সাম্প্রতিক সময়ে ধারাবাহিক অভিযানে সেই চক্র ভেঙে দিতে দৃশ্যমান ভূমিকা রাখছে আশুগঞ্জ থানা।জেলার অন্যান্য থানাগুলোর তুলনায় আশুগঞ্জ থানার এমন সক্রিয় উপস্থিতি ইতোমধ্যেই জনমনে নানা প্রশ্ন ও কৌতূহল তৈরি করেছে — তাহলে কি মাদকের বড় নেটওয়ার্কের কেন্দ্র আশুগঞ্জ? নাকি এখানেই সবচেয়ে বেশি কার্যকর অভিযান পরিচালিত হচ্ছে?একদিকে রহস্য, অন্যদিকে কঠোর অভিযান—সব মিলিয়ে আশুগঞ্জ এখন ব্রাহ্মণবাড়িয়ার মাদকবিরোধী লড়াইয়ের সবচেয়ে আলোচিত নাম।