
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, দেশে এপ্রিল ও মে মাসের জন্য পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে। একই সঙ্গে জুন মাসের চাহিদা পূরণের জন্যও প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।শুক্রবার চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি লিমিটেড পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।প্রতিমন্ত্রী জানান, বর্তমানে দেশে ইতিহাসের সর্বোচ্চ জ্বালানি মজুত রয়েছে। ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধন কার্যক্রম বন্ধ থাকায় সরকার পরিশোধিত জ্বালানি আমদানির ওপর গুরুত্ব দিচ্ছে। পাশাপাশি মালয়েশিয়াসহ বিভিন্ন দেশ থেকে অপরিশোধিত জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।তিনি আরও বলেন, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে আমদানিকৃত জ্বালানি ইতোমধ্যে দেশে পৌঁছেছে, যা দিয়ে এপ্রিল ও মে মাসের চাহিদা নির্বিঘ্নে পূরণ করা সম্ভব। জুন মাসের জন্যও পর্যাপ্ত মজুত নিশ্চিত করতে কাজ চলছে।লোডশেডিং প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে কৃষি ও শিল্প খাতকে অগ্রাধিকার দিয়ে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। ফলে গৃহস্থালি খাতে তুলনামূলক কম বিদ্যুৎ দেওয়া হচ্ছে। তবে মে মাসে ফসল তোলা শুরু হলে গৃহস্থালি খাতেও বিদ্যুৎ সরবরাহ বাড়ানো হবে।উল্লেখ্য, দেশে বর্তমানে ডিজেল, অকটেন, পেট্রোল ও ফার্নেস অয়েলের উল্লেখযোগ্য মজুত রয়েছে, যা আগামী দুই মাসের জন্য যথেষ্ট বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।