
কমল হোসেন,আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
রেলওয়ে পশ্চিম জোনের আত্রাই ঘাট রেলস্টেশনে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এক পুলিশ সদস্যের হাঁটুর নিচ থেকে দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে।আত্রাই থানার ওসি মোঃআব্দুল করিম জানান, পুলিশ সদস্য এমরান মিয়া (৩৫) পিরোজপুর জেলার পুলিশ কন্ট্রোল রুমে কর্মরত। তাঁর বাড়ি বাগেরহাট জেলায়। শ্বশুর বাড়ি আত্রাই উপজেলার শাহাগোলা ইউনিয়নের তারাটিয়া গ্রামে। তিনি লালমনি এক্সপ্রেস ট্রেন যোগে ডাকা থেকে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে আসছিলেন। আত্রাই রেলস্টেশনে ট্রেনটির যাত্রাবিরতি না থাকায় তিনি নামার জন্য চলন্ত ট্রেন থেকে লাফ দেন। এসময় ট্রেনের নিচে তার দুটি পা চলে গিয়ে একদম বিচ্ছিন্ন হয়ে যায়। সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া পাশের লোক জন তাকে স্থানীয় আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এমরান মিয়ার শ্বশুর আব্দুল খালেক জানান, তাঁর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী থেকে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে।