
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি.
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ধনাশী গ্রামে মর্মান্তিক এক ঘটনায় বিষধর সাপের কামড়ে ছামির (৯) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে ফসলি জমি দেখতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে, যা এলাকায় গভীর শোকের সৃষ্টি করেছে।জানা যায়, নিহত ছামির স্থানীয় বাসিন্দা সোহরাফ মিয়ার ছেলে এবং ধনাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। পরিবারের সদস্যদের সঙ্গে জমির অবস্থা দেখতে গেলে হঠাৎ একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। তাৎক্ষণিকভাবে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসার চেষ্টা চালায় এবং দ্রুত হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেয়।তবে অবস্থার অবনতি হলে শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। তার অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের মাতম, আর গ্রামজুড়ে বইছে বিষাদের ছায়া। স্থানীয়রা জানান, এলাকাটি গ্রামীণ ও ঝোপঝাড়পূর্ণ হওয়ায় প্রায়ই সাপের উপদ্রব দেখা যায়, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তারা।