
মোঃফজলুল হক নয়ন.
ভোট কারচুপির অভিযোগের প্রেক্ষিতে ময়মনসিংহ-২ আসনের নির্বাচনে ব্যবহৃত ব্যালট পেপার ও রেজাল্ট শিট সংরক্ষণ করে আদালতের হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ হাইকোর্ট।বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বাধীন একক নির্বাচনী ট্রাইব্যুনালে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে আদালত এ আদেশ দেন।আদেশে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদের দ্রুত সময়ের মধ্যে ময়মনসিংহ-২ আসনের নির্বাচনী ব্যালট পেপার, রেজাল্ট শিটসহ প্রয়োজনীয় নথিপত্র সংরক্ষণ করে আদালতের নির্দেশনা অনুযায়ী হেফাজতে রাখার কথা বলা হয়েছে।রিট আবেদনে অভিযোগ করা হয়, নির্বাচনের সময় বিভিন্ন কেন্দ্রে ভোট কারচুপি ও অনিয়মের ঘটনা ঘটেছে। এসব অভিযোগ তদন্তের স্বার্থে নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট নথিপত্র সংরক্ষণ করা জরুরি বলে উল্লেখ করা হয়।আদালত বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যালট পেপার ও রেজাল্ট শিট সংরক্ষণের নির্দেশ দেন। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।উল্লেখ্য, ময়মনসিংহ-২ আসনের নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হন বিএনপি মনোনীত প্রার্থী মোতাহার হোসেন তালুকদার। আসনটিতে ২৮ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ১১ দলীয় জোটের প্রার্থী মুফতি মুহাম্মদুল্লাহ।