
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, শিক্ষার উদ্দেশ্য কেবল চাকরিপ্রার্থী তৈরি করা নয়, বরং সৃজনশীল, স্বাধীনচিন্তাশীল ও উদ্ভাবনী মানুষ গড়ে তোলা। মানুষ জন্মগতভাবেই সৃজনশীল, তবে প্রচলিত শিক্ষাব্যবস্থা অনেক সময় সেই সৃজনশীলতাকে সীমিত করে রাখে।মঙ্গলবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত ‘উচ্চশিক্ষার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ দিকনির্দেশনা–২০২৬’ শীর্ষক দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ড. ইউনূস এসব মন্তব্য করেন।তিনি আরও বলেন, শিক্ষার্থীদের শুধু চাকরিপ্রার্থী হিসেবে নয়, বরং চাকরি সৃষ্টিকারী হিসেবে গড়ে তুলতে হবে। উদ্যোক্তা মানসিকতা, কল্পনাশক্তি ও নতুন কিছু তৈরির সাহস শিক্ষাব্যবস্থার মাধ্যমে বিকশিত হওয়া জরুরি।ড. ইউনূস এই অঞ্চলের রাজনৈতিক অস্থিরতা, সামাজিক বিভাজন ও ভুল নীতির কারণে সম্ভাবনাগুলো কাজে লাগানো যায় না বলেও উল্লেখ করেন। তবে শিক্ষা হতে পারে সেই শক্তি, যা দক্ষিণ এশিয়ার তরুণদের নেতৃত্ব দিতে সক্ষম করে তুলবে।