
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে দায়ের করা আপিলের শুনানি শুরু হচ্ছে। নির্বাচন কমিশনের উদ্যোগে ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই শুনানি অনুষ্ঠিত হবে।নির্বাচন কমিশন সূত্র জানায়, মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার আদেশের বিরুদ্ধে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে। পাঁচ দিনের মধ্যে এসব আবেদন জমা হয়, যার মধ্যে শুধু শেষ দিনেই জমা পড়ে ১৭৬টি আপিল।কমিশনের ঘোষিত সূচি অনুযায়ী, আজ শনিবার প্রথম দিনে ১ থেকে ৭০ নম্বর আপিলের শুনানি গ্রহণ করা হবে। পর্যায়ক্রমে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত এই শুনানি চলবে।এর আগে সারা দেশে মনোনয়নপত্র বাছাইয়ে ৭২৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছিল। আপিল শুনানি শেষে বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।নির্বাচন কমিশন আরও জানায়, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি, ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ এবং ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হবে।নির্বাচন কমিশন আশা প্রকাশ করেছে, স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে।